আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই : সিলেটে আইজিপি

প্রকাশিত April 28, 2023
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই : সিলেটে আইজিপি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম তিন দিনের সিলেট সফরের দ্বিতীয় দ্বিতীয়দিনে হজরত শাহজালাল (র) মাজার ও মা-বাবার কবর জিয়ারত এবং পুলিশ অফিসার্স মেসের প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন করেন।
শুক্রবার, ২৮ এপ্রিল বাদ জুমা হজরত শাহজালাল (র) মাজার ও মা-বাবার কবর জিয়ারত শেষে আইজিপি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, দেশে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই। আর কোনো চ্যালেঞ্জ এলে বাংলাদেশ পুলিশ তা মোকাবেলায় প্রস্তুত আছে।
তিনি জানান, নির্বাচনে যথাযথ দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতার পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণও রয়েছে।
পরে আইজিপি দক্ষিণ সুরমার প্যারাইরচকে পুলিশ অফিসার্স মেসের প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক-ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আইজিপি শনিবার, ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে সকাল ১০টায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ও সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি দুপুর ১২টায় ৭ এপিবিএন ও দুপুর সাড়ে ১২টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন।