নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিক নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে বেশ আগে থেকেই। আজ নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে শুরু করলো নির্বাচনী তফসিল কার্যকরণ। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-ফেস্টুনসহ সব ধরনের প্রচার উপকরণ সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে।
মনোনয়নপত্র কিনবেন অনেকেই-এটা ধরে নেওয়া যায়, যাদিও এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল প্রার্থী চূড়ান্ত করেনি। অবশ্য কারও কারও প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা স্পষ্ট হয়ে গেছে।
অন্যদিকে দলীয় সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নেবেনা বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। তাই সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। তাহলে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী কি করবেন-এ প্রশ্ন নাগরিক মনে বড় হয়ে দেখা দিয়েছে।
আরিফুল হক চৌধুরী বিএনপির একজন প্রভাবশালী নেতা। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। মেয়র পদেও নিঃসন্দেহে শক্ত প্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যে আলোচনা-সমালেচনার মধ্য দিয়েই দুই মেয়াদে সিসিক মেয়রের দায়িত্ব পালন করেছেন টানা ১০ বছর। সুতরাং হ্যাট্টিকের আশা করতেই পারেন।
যেহেতু দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আছে সেহেতু দলের প্রার্থী হতে না পারলেও পরোক্ষ সমর্থনের আশা আরিফুল হক চৌধুরী অবশ্যই করতে পারেন। এ আশায় বুক বেঁধেই অসুস্থ শরীর নিয়ে ছুটে গিয়েছিলেন সাতসমুদ্র তেরো নদীর ওপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে; কিন্তু শেষপর্যন্ত কি সংকেত সেখান থেকে নিয়ে এসেছেন তা খোলাসা করেননি। যুক্তরাজ্যে থাকাকালীন প্রার্থী না হওয়া সংক্রান্ত একটি ঘোষণা আসলে কতটুকু অন্তর থেকে উৎসারিত-এ নিয়ে প্রশ্ন রয়েই গেছে। এ ব্যাপারে দেশে ফেরার পর মুখ খুলেননি। এখন পর্যন্ত নীরব-নিশ্চুপ। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগরী পর্যন্ত অভ্যর্থনা চিত্র প্রার্থীতার ইঙ্গিত দিয়েছে।
তার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলেও আভাস পাওয়া গেছে, আরিফুল হক চৌধুরী সিসিক মেয়র পদে অবশ্যই নির্বাচন করবেন। দলীয় না হলেও আগের মতোই তিনি প্রার্থী হবেন নাগরিক ফোরাম থেকে। এজন্যে বিএনপি তাকে ‘বহিষ্কার’ করবেনা। করলেও সেটা হবে স্রেফে লোক দেখানো। উল্টো পরোক্ষভাবে পূর্ণ সমর্থন দেবে।
আরও জানা গেছে, খুব শিগগির নীরবতা ভাঙবেন আরিফুল হক চৌধুরী। ইতোমধ্যে পানি মেপে নিয়েছেন। এখন মানসিকভাবে মেয়র পদে হ্যাট্টিক করতে ভোটের লড়াইয়ে নামতে প্রস্তুত। আগামী সপ্তাহের শুরুতে-এমনকি আজকালের মধ্যেও আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়তে পারেন।