নিউমার্কেট ও বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত April 25, 2023
নিউমার্কেট ও বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র : পরিবেশ মন্ত্রী

জুড়ী প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিকল্পিতভাবে ঢাকার নিউমার্কেট ও বঙ্গবাজার সহ বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে। এ সব অগ্নিকাণ্ড সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা দেশ ও জাতির শত্রু। ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংস করে দিতে চায়। প্রধানমন্ত্রী বলেছেন, ষড়যন্ত্র করে আগুন লাগানোর বিষয়ে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেছেন, বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষসহ দেশের সকল মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে এবং থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মঙ্গলবার, ২৫ এপ্রিল দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। তাই দেশ ও জাতির কল্যাণে আগামী নির্বাচনে ‘নৌকা’য় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে হবে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।