সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ৬ জন নিহত আহত ১ জন

প্রকাশিত April 23, 2023
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ৬ জন নিহত আহত ১ জন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রবিবার, ২৩ এপ্রিল দুপুরে আকস্মিক হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের হাওরে বৃষ্টিপাত চলাকালে বজ্রপাত হয়। এতে দুই জন নিহত ও একজন আহত হন।
নিহত একজন হলেন, মিলন মিয়া (১৪)। তিনি লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শিশু মিয়ার ছেলে। অপরজন রণভূমি গ্রামের শামছু মিয়ার ছেলে তারা মিয়া (৩২)। আহত হন এরুয়াখাই গ্রামের ওজি উল্ল্যাহর ছেলে মো নিজাম উদ্দিন (২৫)।
প্রায় একই সময়ে ছাতক উপজেলার বিভিন্ন হাওরে বজ্রপাতের পৃথক পৃথক ঘটনায় ৩ জন মারা যান। নিহতরা হলেন জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের আরশ আলী (৫০) ও দেবেরগাঁও গ্রামের মাইম মিয়া (১৮) এবং চরমহল্লা ইউনিয়নের আব্দুস সামাদ (২৫)। ।
এছাড়া তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী (১৫) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো এহসান শাহ বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন বোরো ধান কাটার মৌসুম। তাই সকলের সতর্কতা অবলম্বন দরকার। আকাশ মেঘাছন্ন দেখলেই নিরাপদ স্থানে চলে যেতে হবে।