নিজস্ব প্রতিবেদক : এক মাস কঠোর সিয়াম সাধনার পর সারাদেশে যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর সাম্য-মৈত্রির সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সিলেটে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে। পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আসন্ন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ কমপক্ষে ৫০ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করেন।
এছাড়াও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা সহ মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ঈদগা ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
বৃষ্টি না হওয়ায় এবং নিরাপত্তা নিশ্চিত থাকায় মুসল্লিরা সর্বত্র স্বস্তিতে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন। প্রতিটি জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা পৌর ঈদগা ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো আব্দুল হক ও পৌর মেয়র ফয়জুর রহমান।
এখানে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন।
এছাড়াও জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় উপজেলার বিভিন্ন ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করা হয়।
মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর ঈদগা ময়দানে ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা সালাউদ্দিন। এখানে ঈদের নামাজ আদায় করেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক।
আদাঐ ইউনিয়নের হালুয়াপাড়া গোপালপুর ঈদগা ময়দানেও শত শত ধর্মপ্রাণ মুসলিম ঈদের নামাজ আদায় করেন।