ইস্ট হ্যান্ডস ইউকের ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত April 21, 2023
ইস্ট হ্যান্ডস ইউকের ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ইস্ট হ্যান্ডস ইউকের উদ্যোগে সিলেটে অসহায় প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সিলেট মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষদের মধ্যে এই উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার, ২১ এপ্রিল আম্বরখানা বড়বাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদের সহযোগিতায় এই ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রতিবন্ধীরা দেশের সম্পদ। তাদেরকে মর্যাদা দিতে হবে। সুযোগ করে দিতে হবে তাদের সৃজনশীলতা বিকাশের। তারা সুযোগ পেলে দেশের জন্যে অনেককিছু করতে পারে। এই উপহার দেওয়ার জন্যে তিনি ইস্ট হ্যান্ডস চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, অন্যতম ট্রাস্টি, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব বাবলুল হক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন যুক্তরাজ্যের ব্যুরো প্রধান আ স ম. মাসুম এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক, ইস্ট হ্যান্ডসের অন্যতম ট্রাস্টি এমরান আহমদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় সিলেটের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলুও বক্তব্য রাখেন।
উপহার বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন নাজিম তাহের, ইউসুফ আলী, ছাবু খান, তুতন খান, মো রবিউস সানি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি