জুড়ী প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে যান্ত্রিকীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। সারাদেশে অঞ্চলভেদে কৃষকদেরকে ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে দিচ্ছেন কৃষিযন্ত্র। সারা বিশ্বে এমন নজির আর নেই।
তিনি আরও বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। তাই কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। হাওরে শিলা বৃষ্টি ও ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করা হবে।
বৃহস্পতিবার, ২০ এপ্রিল বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে কৃষকদের খোঁজখবর নিতে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে কথা বলছিলেন।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নানান দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনফর আলী, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, দৈনিক কালের কণ্ঠের বড়লেখা প্রতিনিধি লিটন শরীফ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।