সাইফুল ইসলাম সুমন, জুড়ী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রতিদিনই কোথাও না কোথাও অগ্নিকাণ্ড। এই আগুন লাগছে নাকি লাগানো হচ্ছে এ ব্যাপারে তদন্ত হচ্ছে। অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি না তা চিন্তার বিষয়। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আগুন নিয়ে খেলছে কি না সেটাই এখন দেখা জরুরি হয়ে উঠেছে।
বুধবার, ১৯ এপ্রিল বিকেলে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখার উদ্যোগে শতাধিক অসহায়-হতদরিদ্র-দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো শাহাব উদ্দিন বলেন, বিএনপির কোন আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তাই রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ-ফরমায়েশ গ্রহণ করা হবেনা। সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেছেন, বিএনপির নেতৃত্বে অশুভ চক্র মাথাচারা দিয়ে উঠছে। শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে।
মন্ত্রীপুত্র যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন জুমনের সার্বিক সহযোগিতায় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলী আহমেদ চৌধুরী জাহেদ, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো তাজ উদ্দিন, আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সইদুল ইসলাম প্রমুখ।