পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের দুর্ভোগ লাঘবে ও যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে সিলেট জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ অভিযান শুরু করেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলমের নেতৃত্বে মঙ্গলবার, ১৮ এপ্রিল দক্ষিণ সুরমায় কদমতলি বাস টার্মিনাল ও দক্ষিণ সুরমা পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না তা যাচাই করা হয় এবং ভাড়ার তালিকা না থাকায় ও অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করায় কদমতলি বাস টার্মিনালে একটি বাস কাউন্টারের কর্মচারীকে ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলানো নিশ্চিতকরণে বাস মালিক সমিতির সভাপতিকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়, এর ব্যত্যয় হলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা দ্রুত প্রতিটি কাউন্টারে ভাড়া তালিকা ঝুলানোর নিশ্চয়তা দেন।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ না থাকায় দক্ষিণ সুরমা পয়েন্টে জেইয়ানা এন্ড জুহানা এন্টারপ্রাইজ-৫ এর বাস চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাসটি আটক করে দক্ষিণ সুরমা থানায় রাখা হয়েছে।
এ সময় বাসযাত্রীরা ঈদের আগে জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ছাড়া যেন কোন গাড়ি যাত্রী পরিবহন না করে সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের নিশ্চিন্তে ভ্রমণ নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তথ্য বিবরণী