নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এলাকা ভিত্তিক বিষয় চিহ্নিত করে অগ্রসর হতে হবে। ২০৪১ সালের মধ্যে লক্ষ্য অর্জনে খুঁজে বের করতে হবে সুনির্দিষ্ট পথ। সম্মিলিত ধারণা বা চিন্তা-ভাবনায় সেই পথ ধরে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।
‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩’ উপলক্ষ্যে সোমবার, ১৭ এপ্রিল সিলেট জেলা প্রশাসন সিলেট আয়োজিত ‘স্মার্ট সিলেট বিনির্মাণে করণীয়’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট সার্কিট হাউসের সম্মেলন অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি ও সিভিল সার্জনের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মো ফরহাদ রাব্বী এবং লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রুমেল এম এস রহমান পীর। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাসেম। সঞ্চালনা করেন ম্যাজিস্ট্রট মো জসিম উদ্দিন।
স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট সিলেট বিনির্মাণ সংক্রান্ত কর্মশালায় ৩টি ‘কুইক উইন আইডিয়া’ নির্বাচনের লক্ষ্যে কর্মশালায় অংশগ্রহণকারীদের ১০টি আলাদা দলে বিভক্ত করা হয়।
প্রতিটি দল স্মার্ট বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে নির্ধারিত ১০টি ক্ষেত্র নিয়ে নিজেদের মধ্যে দলগত আলোচনা ও আলোচনার মাধ্যমে প্রস্তুতকৃত উদ্ভাবনী ধারণাগুলো উপস্থাপন করে।
এ সময় ১০টি দলের পক্ষ থেকে ১০টি ধারণা (আইডিয়া) পাওয়া যায়, যেগুলো স্মার্ট সিলেট বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই অভিমত রাখেন।
এসব ধারণার আলোকে জেলা প্রশাসক মো মজিবর রহমান আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সিলেটকে দেশের প্রথম মডেল স্মার্ট জেলা হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ সংক্রান্ত পরবর্তী সভার মাধ্যমে প্রারম্ভিক এই ধারণাগুলোকে অধিকতর যাচাই বাছাইয়ের মাধ্যমে ৩টি ‘কুইক উইন আইডিয়া’ নির্বাচন করা হবে।