সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আচার-আচরণে ভীতি ও সন্দেহ-সংশয় আছে। দলটি ভয় দেখিয়ে ধমক দিয়ে সরকার পাল্টাতে চায়-তাও আইনের বাইরে গিয়ে, যা গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য নয়।
শনিবার, ১৫ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৪৬ জন রোগীর মধ্যে এক কোটি ৭৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, কয়েকদিন পরেই বোরো ধান পুরোপুরি কৃষকদের ঘরে চলে আসবে। তাই মে মাস থেকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের ভেতরে চলে আসবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও বলেন, আগের সরকারগুলো গ্রামের অসহায়, নির্যাতিত, নিপীড়িত ও অসুস্থ মানুষজনের কল্যাণের কথা কখনও ভাবেনি; কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের কল্যাণের কথা ভেবেই গ্রামকে শহরে রূপান্তর করছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো আবু সাঈদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায় ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো মামুন হালদার।
পরিকল্পনা মন্ত্রী পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।