রমজানে অব্যাহত রাখতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত বাজার তদারকি

প্রকাশিত April 9, 2023
রমজানে অব্যাহত রাখতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত বাজার তদারকি

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো মজিবর রহমান বলেছেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখতে হবে।
রবিবার, ৯ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।
যাত্রী হয়রানি বন্ধে নজরদারি অব্যাহত রাখার বিষয়ে তিনি বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশকে বিশেষ নজরদারির অনুরোধ জানান।
এছাড়া পর্যটন স্পটগুলো-বিশেষ করে ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দিতে পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে-সে বিষয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ট্যুরিস্ট পুলিশকে নজরদারি বৃদ্ধির অনুরোধ করেন।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারগণকে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্যও জেলা প্রশাসক অনুরোধ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অধিনায়ক, ১৯ ও অধিনায়ক, ৪৮ বিজিবি, এসএমপির উপপুলিশ কমিশনার (উত্তর), উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীসহ অন্যান্য সদস্য।
জেলা পুলিশের অপরাধ পর্যালোচনায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেন, বিগত মার্চ মাসে সিলেট জেলায় ১৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছ বিভিন্ন ধরনের চুরির মামলা ১৭টি, হত্যা মামলা ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ৩৮টি এবং অন্যান্য অপরাধের মামলা ১০৬টি।
সিলেট মহানগরীর অপরাধ পর্যালোচনায় উপপুলিশ কমিশনার (উত্তর) মো আজবাহার আলী শেখ সভাকে অবহিত করেন, সিলেট মহানগরীতে একই সময়ে ১৮১টি মামলা হয়েছে। এর মধ্যে আছে বিভিন্ ধরনের চুরির মামলা ২৬টি, হত্যা মামলা ২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ৪২টি এবং অন্যান্য অপরাধের মামলা ৬২টি।
অধিনায়ক, ১৯ বিজিবি, জানান, গত মার্চ মাসে ১২৬টি অভিযান পরিচালনা করে আনুমানিক ২ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে।
অধিনায়ক, ৪৮ বিজিবি জানান, একই সময়ে ৯৩০টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ লাখ ৬ হাজার ৩০০ টাকার অবৈধ পণ্য আটক করা হয়। সূত্র তথ্য বিবরণী