জাতীয় ক্রীড়া দিবসে সিলেটে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহবান জেলা প্রশাসকের

প্রকাশিত April 6, 2023
জাতীয় ক্রীড়া দিবসে সিলেটে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহবান জেলা প্রশাসকের

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান সিলেটে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার, ৬ এপ্রিল সকালে সিলেট জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন-শেখ হাসিনার দর্শন’ এবার দিবসের এ প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে অত্যন্ত আন্তুরিক। সবসময় নিজেকে ক্রীড়া পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেন। সাধারণ দর্শকের মতো খেলা দেখেন মাঠে বসে। উৎসাহ দেন খেলোয়াড়দেরকে সবসময়। বাংলাদেশ দলের সাফল্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হন। ক্রীড়া প্রতিমন্ত্রীও খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক। খেলাধুলার উন্নয়নে সিলেটের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে।
তিনি বলেন, সিলেটে দুটি আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। আয়োজন করা হচ্ছে নানা ধরনের খেলাধুলার। জাতীয় পর্যায়েও বিভিন্ন খেলায় কৃতিত্ব দেখাচ্ছেন এখানকার ক্রীড়াবিদরা। সরকার থেকেও সহযোগিতা করা হচ্ছে। তবে স্থানীয়ভাবে পৃষ্ঠপোষকতা পেলে এখানকার ক্রীড়াঙ্গন আরও সাফল্য দেখাতে পারবে।
জেলা প্রশাসক খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন। সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, নতুন প্রজন্ম খেলাধুলায় সম্পৃক্ত না হলে মাদকে আসক্ত হওয়ার ঝুঁকি থাকে-অভিভাবকদেরকে তা অনুধাবন করতে হবে।
তিনি সিলেটের ক্রীড়াঙ্গনের বিভিন্ন সাফল্য ও সম্ভবনা তুলে ধরার পাশাপাশি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের অভাব সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে খেলোয়াড়দের সংবর্ধনা সহ জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কয়েকটি ব্যতিক্রমী উদ্যোগ উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্কাউটস দলকে ক্রীড়াসামগ্রী প্রদান করা হয়।
এছাড়া আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।