হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন || ওজন ২০ থেকে ২৫ কেজি || দারুণ খুশি কৃষকরা

প্রকাশিত April 4, 2023
হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন || ওজন ২০ থেকে ২৫ কেজি || দারুণ খুশি কৃষকরা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি অপরূপ রূপ-লাবণ্যে দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি খাদ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হাকালুকি হাওরে প্রতিবছরই ধান, ভুট্টা, সূর্যমুখী, সরিষা ও বাদামের কাঙ্ক্ষিত উৎপাদন হয়। এবার হয়েছে মিষ্টি কুমড়ার বাম্পার ফলনও। তাই খুশি হাওরপারের প্রান্তিক কৃষকরা। নতুন করে স্বপ্নও দেখছেন।
সরেজমিনে দেখা গেলো, হাকালুকি হাওরের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে আছে বড় বড় মিষ্টি কুমড়া। অধিকাংশই পেকে হলুদ। কৃষকরা কুমড়া তোলায় দারুণ ব্যস্ত। কৃষি শ্রমিকদের পাশপাশি কৃষক পরিবারের সদস্যরাও বিপুল উৎসাহে কুমড়া তুলছেন। একেকটির ওজন ২০ কেজি থেকে ২৫ কেজি পর্যন্ত। তাই তুলতে কষ্ট হলেও মুখে তৃপ্তির হাসি লেগে আছে।
ক্ষেত থেকে তুলে আনা কুমড়া জমা করা হচ্ছে ক্ষেতের আল ঘেঁষা রাস্তায় দাঁড় করানো রিকশাভ্যানে ও নৌকায়। নিয়ে যাওয়া হবে বাজারে। বিক্রি করে নগদ অর্থ নিয়ে কৃষকরা ঘরে ফিরবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হাকালুকি হাওরে এবার ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন খুবই ভাল হয়েছে।
হাকালুকি হাওরের কুমড়া চাষী মো কালা মিয়া জানালেন, এ বছর বীজ ছাড়া কুমড়া চাষে তার আর কোনো খরচ হয়নি। ভাল লাভ পেয়ে খুশি লাগছে।
কথা হলো আরও কয়েকজনের সঙ্গে। জানা গেলো, কম খরচে বেশি লাভ হওয়ায় তারা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। নির্দিষ্ট সময়ে বাজারজাত করে লাভবান হওয়ায় সত্যিই ভাল লাগছে। প্রতিদিন হাওরে এসে পাইকারি ব্যবসায়ীরা কুমড়া ক্রয় করেন। এসব কুমড়া দেশের বিভিন্ন অঞ্চলে যায়।
উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো মনোয়ার হোসেন জানান, ‘এ বছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে চাষীরা খুব খুশি। উৎপাদন কাজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ে চাষীদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়।