মাদক জুয়া ও নারী নির্যাতন বন্ধে কঠোর অবস্থানে পুলিশ : জকিগঞ্জে মতবিনিময় সভায় ডিআইজি

প্রকাশিত April 3, 2023
মাদক জুয়া ও নারী নির্যাতন বন্ধে কঠোর অবস্থানে পুলিশ : জকিগঞ্জে মতবিনিময় সভায় ডিআইজি

শ্রীকান্ত পাল, জকিগঞ্জ : সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, মাদক, জুয়া ও নারী নির্যাতন বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সোমবার, ৩ এপ্রিল দুপুরে জকিগঞ্জ থানা মিলনায়তনে সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডিআইজি জকিগঞ্জকে মাদকমুক্ত করতে সহযোগিতার হাত বাড়াতে সকলের প্রতি আহবান জানান।
একই সঙ্গে তিনি জকিগঞ্জ উপজেলার ভৌগলিক অবস্থা বিবেচনায় একাধিক পুলিশ ফাঁড়ি করারও ঘোষণা দেন।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) নাবিলা জাফরিন রীনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, থানার ওসি মোশাররফ হোসেন, পৌর মেয়র আব্দুল আহাদ, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, এম এ জি বাবর, মঞ্জুরুল হামিদ চৌধুরী, বাবর হোসাইন ও মোস্তফা আহমদ।
সভাপতির বক্তব্যে এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। কোন সেবাগ্রহিতা যেন হয়রানির শিকার না হন।