ফজলে আজিম চৌধুরী নাহিদ : ব্যর্থতার বৃত্তে আটকাপড়া বাংলাদেশ ক্রিকেট দলকে উদ্ধারের প্রয়োজনে ঢেলে সাজাতে অপরিহার্য ছিল একজন কড়া ‘হেডমাস্টার’, যিনি দলকে নিয়ে নতুন কিছু ভাববেন-পরিকল্পনা সাজাবেন। ঠিক তখনই চন্দ্রিকা হাথুরুসিংহে ফিরলেন নতুন রূপে, বাংলাদেশ ক্রিকেটকে আলোর পথ দেখাতে-কক্ষপথে ফেরাতে আলোকবর্তিকা হাতে। অগোছালো একটা দলকে মাত্র এক মাসেই বদলে দিলেন লংকান এই ‘মাস্টার মাইন্ড’। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে স্বপ্নের পথে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি।
নতুন মেয়াদে বিসিবিতে যোগদানের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাজিমাত। টি-টুয়েন্টিতে প্রথম ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় ছিল বাংলাদেশের জন্য সেরা অর্জন। এর আগে ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারলেও বুক চিতিয়ে লড়াই করে টাইগাররা। পরবর্তী সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২-০ বাবধানে সিরিজ জিতে নিয়ে ধারাবাহিক নৈপুণ্যের পরিচয় দেয় বাংলাদেশ।
কোচ হাথুরুসিংহে এর আগেও বাংলাদেশে কাজ করে গেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের দায়িত্বে ছিলেন। কোচ হিসেবে তখন সফলতা দেখালেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ভাল না থাকা সহ কিছু বির্তকিত কারণে নিজে থেকেই দায়িত্ব ছেড়ে চলে যান তিনি। এরপর অনেক কোচই আসা-যাওয়ার মিছিলে থাকেন; কিন্তু কেউই দীর্ঘ সময় টিকতে পারেননি। রাসেল ডোমিঙ্গোর অধীনে যখন বাংলাদেশ দলের টানা ব্যর্থতা ঠিক তখনই প্রায় সাড়ে ৫ বছর পর সেই চন্দ্রিকা হাথুরুসিংহেকেই ফিরিয়ে আনে বিসিবি।
হাথুরুসিংহে দলের প্রয়োজনে দায়িত্ব পালনে আগের মতই কঠোর। এবার টাইগারদের সাফল্যের জন্য বেশ কিছু নতুন পরিকল্পনার ছক এঁকেছেন তিনি, যা প্রয়োগ করে ইতোমধ্যেই ইতিবাচক ফল পেয়েছে দল।
দেশের প্রচলিত উইকেটকে বলির পাঠা না বানিয়ে স্পোর্টিং উইকেট তৈরি করে প্রতিপক্ষের চোখে চোখ রেখে ২২ গজে লড়াই করা চন্দ্রিকা হাথুরুসিংহের মূল মন্ত্র। বিশ্বকাপকে সামনে রেখে তার এই সুদূরপ্রসারী চিন্তাভাবনা দলকে আত্মবিশ্বাসী করে তুলবে। ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেইট করে খেলা, ব্যাটিং পজিশন পরিবর্তন, সিনিয়র-জুনিয়র ভুলে দলে টিকতে হলে পারফরম্যান্সই মূল কথা-এইসব বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ৬ নম্বরে ব্যাটিং করিয়ে তার কাছ থেকে শতভাগ আদায় করে নিয়ে আসা ছিল রীতিমতো চমকপ্রদ ও চ্যালেঞ্জিং। তার কথা একটাই ‘ভয়-ডরহীন ব্যাটিং করো, আউট হলে সমস্যা নেই’।
বিশ্বকাপকে সামনে রেখে তৌহিদ হৃদয়ের মতো তরুণদের সুযোগ দিতে চান কোচ। তাই ব্যাটিংয়ে টানা ব্যর্থতায় ধারাবাহিকতায় অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকেও আপাতত বিশ্রামে রেখেছেন তিনি। তার মতে, পারফরম্যান্স ভাল না করলে সিনিয়র ক্রিকেটারদেরও তিনি দল থেকে বাদ দিতে দ্বিধাবোধ করবেননা। তিনি জানেন, তার এই কথায় দলের মধ্যে ভাল করার প্রতিযোগিতা বাড়বে। সবাই দায়িত্ব নিয়ে খেলবে, এতে বাংলাদেশের স্বপ্ন পূরণের পথ আরও মসৃণ হবে।