লন্ডনে গণহত্যা দিবস পালিত || জাতিসংঘের স্বীকৃতি আদায়ে কাজ করার আহবান

প্রকাশিত March 26, 2023
লন্ডনে গণহত্যা দিবস পালিত || জাতিসংঘের স্বীকৃতি আদায়ে কাজ করার আহবান

আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য : যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যেগে লন্ডনে যথাযোগ্য মর্যাদায় পঁচিশে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ থেকে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি আদায়ে কাজ করার আহবান জানানো হয়।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহিদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আলবদর-রাজাকার-জামায়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে। হত্যা করে ৩০ লাখ বাঙালি নারী-পুরুষকে। ইজ্জত হরণ করে ২ লাখ বাঙালি নারীর। একাত্তরের ২৫ মার্চ ঢাকায় প্রথম প্রহরেই হত্যা করে ২৫ হাজারের বেশি মানুষকে। পবিত্র রোজার মাসেও এই বর্বর বাহিনী হাজার হাজার রোজাদার মুসলমানকে হত্যা করে। পাকিস্তানিদের এই সব কলংকিত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।
তারা উল্লেখ করেন, সেই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এসব প্রচার হলেও স্নায়ুযুদ্ধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও চীন গণহত্যাকারী পাকিস্তানিদের কেবল সহযোগিতাই করেনি, গণহত্যার রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভে বিভিন্নভাবে বিঘ্ন সৃষ্টি করে। ১৯৭৫ সালের প্রতিবিপ্লব ও জাতির পিতাকে হত্যা এবং পরবর্তী দুই দশক পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্রক্ষমতায় থাকায় যুদ্ধাপরাধীদের বিচার ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বিলম্বিত হয়। তাই দেশে-বিদেশে ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের সেই স্বীকৃতি আদায়ে কাজ করতে হবে।
একই সঙ্গে সমাবেশ থেকে লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের খলনায়কদেরও বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আদালতের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি জামাল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরা পারভীনের পরিচালনায় সমাবেশে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ হাই কমিশিনের পক্ষে পলিটিক্যাল মিনিস্টার এস কে মো শাহরিয়ার মোশাররফ, শিক্ষাবিদ মো শওকত আলী, লন্ডন সফররত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সহসাধারণ সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ, যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আনসার আহমেদ উল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলর মঈন কাদরী, ব্রিটিশ নাগরিক ওয়ারেন হেইসে, সর্বইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের আনিসুর রহমান আনিস, সাবেক টাওয়ার হ্যামলেটস স্পিকার আহবাব হোসেন, কেতন শিকদার, মুক্তিযোদ্ধা পরিবারের সাংবাদিক রাসেল, খালেদ চৌধুরী, মি ওয়ারেন, শহীদ পরিবারের সদস্য প্রশান্ত পুরকায়স্থ, শিক্ষক মোস্তফা কামাল মিলন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্মৃতি আজাদ, প্রকাশনা সম্পাদক জুয়েল রাজ সাংগঠনিক সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, মুক্তিযোদ্ধা পরিবারের সুশান্ত দাশ প্রশান্ত প্রমুখ।