ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া, এফআরএসএ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আইন-কানুন সহজ করতে হবে।
শনিবার, ১৮ মার্চ বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
সিলেট চেম্বার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এই আয়োজনের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, তারা প্রবাসে থাকলেও দেশের সংস্কৃতি ও দেশের প্রতি ভালোবাসা গভীরভাবে হৃদয়ে ধারণ করেন। চান তাদের নতুন প্রজন্ম যেন দেশের প্রতি আগ্রহী হয়। এ লক্ষ্য নিয়ে তারা কাজও করে যাচ্ছেন।
এম জি মৌলা মিয়া বলেন, সিলেট বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা; কিন্তু এখানে যেকোন খাতে বিনিয়োগের আগে এসেসমেন্ট করে সম্ভাব্যতা যাচাই করা একান্ত প্রয়োজন। অতীতে এসেসমেন্ট ছাড়া কিছু বিনিয়োগ করে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক্ষেত্রে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতার প্রয়োজন রয়েছে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে ব্রিটেনে হেল্থকেয়ার সেক্টরে প্রচুর কর্মী নেওয়া হচ্ছে। এ সুযোগ গ্রহণের জন্য বাংলাদেশে দক্ষ নার্স ও স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে হবে।
সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি ও সিলেটের উন্নয়নে তাদের সংগঠনে সার্বিক সহযোগিতা করবে বলে তিনি নিশ্চিত করেন।
সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, করোনা মহামারি ও বন্যাকালীন দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদেরকে দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে শেরপুরে স্পেশাল ইকোনমিক জোন ও কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করেছে। এছাড়াও গোয়াইনঘাটে আরেকটি ইকোনমিক জোন স্থাপনের কাজ চলমান। এছাড়া বর্তমানে সিলেটে নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা ও সিলেট থেকে ইউরোপে সরাসরি কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ নির্মাণ কার্যক্রম পরিকল্পনাধীন রয়েছে।
তিনি সিলেটের পর্যটন, শিল্প ও শিক্ষা খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় সিলেটে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ও সম্ভাবনা নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড বশির আহমদ ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী প্রতিনিধিদলের সদস্য নজমুল ইসলাম নূরু, মোহাম্মদ রহমান জয়নাল, রহিমা মিয়া, এস আই আজাদ আলী, আব্দুল হান্নান তরফদার, শামীমুর রহমান বাশার, এনামুল হক, রফিক মিয়া, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, কাজী মো মোস্তাফিজুর রহমান, সাবেক পরিচালক মঞ্জুর মুমিন, হিফজুর রহমান খান, সদস্য এস এম শায়েস্তা তালুকদার, আব্দুল হাদী পাবেল, আরিফ হোসেন, সচিব মো গোলাম আক্তার ফারুক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি