নিজস্ব প্রতিবেদক : ‘বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান’ এবং ‘ধন্য সেই পুরুষ, যাঁর নামের ওপর রৌদ্র ঝরে চিরকাল/গান হয়ে/নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যাঁর নামের ওপর/কখনো ধুলো জমতে দেয় না হাওয়া/ধন্য সেই পুরুষ যাঁর নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস/ধন্য সেই পুরুষ যাঁর নামের উপর পতাকার মতো/দুলতে থাকে স্বাধীনতা/ধন্য সেই পুরুষ যাঁর নামের ওপর ঝরে/মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি।’
আর তার জন্মদিন। হাজার বছরের সাধনায় তাকে পেয়েছিল এ জাতি। তিনি মুক্তি ও স্বাধীনতার অগ্নিমন্ত্রে সাড়ে সাতকোটি মানুষকে উজ্জীবিত করেছিলেন। কালক্রমে হয়ে উঠেছিলেন বিশ্বের সকল নির্যাতিত-নিপীড়িত-লাঞ্ছিত জনগোষ্ঠীর মুক্তির দূত-পরাধীনতার শৃঙ্খল ভাঙার অন্তঃহীন প্রেরণা। বঙ্গবন্ধু-বিশ্ববন্ধু ইতিহাসে মা, মাটি ও মানুষকে ভালবাসার অনন্য উদাহরণ হয়ে অনন্তকাল ধরে শক্তি ও সাহসের উৎস হয়ে আছেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপনে দেশ ও জাতি প্রস্তুত। দিনটি জাতীয় শিশু দিবসও। সিলেটেসহ সারা দেশে সার্বিক প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই বর্ণিল কর্মসূচি শুরু হবে।