পাথারিয়া সংরক্ষিত বনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গাছপালা || দুঃখজনক বললেন পরিবেশ মন্ত্রী

প্রকাশিত March 13, 2023
পাথারিয়া সংরক্ষিত বনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গাছপালা || দুঃখজনক বললেন পরিবেশ মন্ত্রী

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় অবস্থিত পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চলের বড়লেখা রেঞ্জের সমনভাগ সংরক্ষিত এলাকার ধলছড়ির মাকাল জোরায় ৪ দশমিক ৫ একর জায়গার বন আগুনে পুড়ে গেছে। অনুমান করা হচ্ছে, দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্ত চক্র। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বড়লেখা রেঞ্জের সমনভাগ সংরক্ষিত বনের আয়তন ১ হাজার ৮০০ একর। পরিবেশগতভাবে মিশ্র চিরসবুজ বনাঞ্চলের এ অংশটি ইন্দো-বার্মা জীববৈচিত্র হটস্পটের একটি এবং বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্তব্যাপী ছয়টি সংরক্ষিত বনের মধ্যে অন্যতম, যেখানে প্রায় ৬০৩ প্রজাতির উদ্ভিদ এবং উভচর সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর সমন্বয়ে মোট ২০৯ প্রজাতির মেরুদণ্ডী বন্যপ্রাণী রয়েছে। এর মধ্যে ২০ প্রজাতির উভচর, ৪৫ প্রজাতির সরীসৃপ, ১১৩ প্রজাতির পাখি ও ৩১ প্রজাতির স্তন্যপায়ীসহ অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননক্ষেত্র। এছাড়া বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল মিলে চিরসবুজ একটি বনাঞ্চল এবং উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র রক্ষায় বাংলাদেশের মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের অন্যতম একটি।
সোমবার দুপুরে বনের আগুনে পুড়ে যাওয়া অংশটি পরিদর্শন করেন শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো মারুফ হোসেন। এ সময় বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস ও সমনভাগ বিটের বিট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো নূরুল ইসলাম জিপিএস যন্ত্রের মাধ্যমে পুড়ে যাওয়া অংশটি পরিমাপ করেন।
শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো মারুফ হোসেন জানান, দুর্বৃত্তরা দখলের উদ্দেশ্যে বনে আগুন লাগাতে পারে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সমনভাগ বিটের বিট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, বন বিভাগ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।
বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে এ বনের ৪ দশমিক ৫ একর জায়গায় গাছের লতাপাতা ও ঝোঁপঝাড় পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড়লেখা থানার ওসি মো ইয়ারদৌস হাসান জানান, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট বন বিভাগের বিভাগীয় প্রধান তৌফিকুল ইসলাম বলেন, যারা আগুন লাগানোর ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেন, পাথারিয়া বনে অগ্নিকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। এ জন্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।