‘সন্ত্রাসী’ তারেক জিয়া লন্ডনে বসে শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চান : জেবুন্নেছা হক

প্রকাশিত March 12, 2023
‘সন্ত্রাসী’ তারেক জিয়া লন্ডনে বসে শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চান : জেবুন্নেছা হক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে; কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। বিএনপির ‌’সন্ত্রাসী’ নেতা তারেক জিয়া লন্ডনে বসে শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চান।
তিনি আরও বলেছেন, ‘সন্ত্রাসী’ তারেক জিয়ার নির্দেশে বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে বাংলার শান্তিপ্রিয় জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে, ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার, ১১ মার্চ বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, বিএনপি-জামায়াত মুখে গণতন্ত্রের কথা বলে; কিন্তু তারা সন্ত্রাস ও নৈরাজ্যের পথে চলে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনা বলেই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের পরিচালনায় শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সদস্য, সদর উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
সমাবেশের পূর্বে সদর উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে শান্তি সমাবেশ অংশগ্রহণ করেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি