নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আজ শুক্রবার, ১০ মার্চ মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।
বুহস্পতিবার সকালে মহানগরীর দরগা গেইটে শহীদ সুলেমান হলে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম অধিবেশন শুরু হবে সকাল পৌণে ১০টায়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, ড এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্মআহবায়ক সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, মঈনউদ্দিন সুহেল, সদস্য মাহবুবুল কাদির শাহী ও মহবুব চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগর বিএনপির নেতৃত্বে আসতে তিনটি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন সভাপতি পদে দলের সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে আছেন বর্তমান আহবায়ক কমিটির দুই যুগ্মআহবায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ সাবেক সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।
সম্মেলনে ভোটদানের জন্য সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৭১ জন করে মোট ১ হাজার ৯১৭ জনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।