বাংলাদেশে নারীর সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে ১৪ বছরে

প্রকাশিত March 8, 2023
বাংলাদেশে নারীর সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে ১৪ বছরে

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বাংলাদেশে গত ১৪ বছরে নারীর সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে দৃষ্টিভঙ্গিতে; কিন্তু প্রতিবন্ধকতা ও বৈষম্যের অবসান এখনও পুরোপুরি হয়নি। তাই সকল বাধা-বিপত্তি-বৈষম্য নিরসনে নারী-পুরুষ সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেছেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নারীরা এখন পর্যন্ত পিছিয়ে আছেন। এ ব্যাপারে আরও এগিয়ে আসতে হবে। হয়ে উঠতে হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা ও জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ। এছাড়াও তথ্য বিভাগের উপপরিচালক মো সালাহ উদ্দিন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দা শিরীন আক্তার ও ব্লাস্ট সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী সহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সর্বস্তরের নারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন। অধিকার প্রতিষ্ঠা করেছেন নারীর। বাংলাদেশে এখন পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে নারীরা সকল ক্ষেত্রে অবদান রাখছেন।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, নারীর অগ্রযাত্রায় পুরুষের অবদান অস্বীকার্য। মেধা, জ্ঞান ও শিক্ষা নিয়ে নারীকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, জ্ঞান অর্জন না করলে ও স্বাবলম্বী না হলে বৈষম্য দূর হবেনা।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবার ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো।