নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সিলেট কেন্দ্রীয় শহিদমিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থান নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনার নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ তথা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যক্রম যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পবিত্রতা রক্ষায় যথাযথভাবে দায়িত্ব পালন করছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পবিত্রতা কোনভাবেই লঙ্ঘিত হতে দেওয়া হবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য উদৃত করে জানানো হয়েছে, সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের কোন স্থাপনা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনার পরিচালনার বিষয়ে আগামী ১১ মার্চ শনিবার আহুত সভায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।