নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বপ্নের ও ত্রিশলাখ শহীদের প্রত্যাশার সোনারবাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের অঙ্গীকারে সিলেটে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করা হলো।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে নতুন প্রজন্ম সহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পৌঁছে।
এরপর সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবাগত রেঞ্জ ডিআইজি শাহ মিজান মো শাফিউর রহমান, নবাগত পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। সঞ্চালনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পদক রজতকান্তি গুপ্ত।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মার্চ মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন স্বদেশ দিয়ে গেছেন আর বঙ্গবন্ধুকন্যা উন্নত-সমৃদ্ধ দেশ উপহার দিতে ‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১’ বাস্তবায়নের পর ‘স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১’ ঘোষণা করেছেন।
নিজেদেরকে স্মার্ট নাগরিক গড়ে তুলে স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার ব্যবস্থার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে নতুন প্রজন্মের প্রতি তিনি আহ্বান জানান।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়ন ও অগ্রযাত্রার অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই তা সম্ভব হয়েছে।
অন্যান্য অতিথিও নতুন প্রজন্মকে সোনারবাংলার সোনার মানুষ হয়ে উঠার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীসহ উপস্থিত নতুন প্রজন্ম ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে এ আহ্বানের প্রতি একাত্মতা প্রকাশ করে।