বাহুবলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির ধুম || জড়িত প্রভাবশালী সিন্ডকেট

প্রকাশিত February 27, 2023
বাহুবলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির ধুম || জড়িত প্রভাবশালী সিন্ডকেট

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির ধুম পড়েছে। সাময়িক লাভের আশায় জমির টপ সয়েল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। আর এই মাটি বিক্রি করে লাখ লাখ টাকা মুনাফা অর্জন করছে কতিপয় প্রভাবশালী। বিভিন্ন সময় প্রশাসনের তরফ থেকে অভিযান চালিয়েও এই চক্রকে দমানো যাচ্ছেনা।
উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর আলাপুর গ্রামের মাটি ব্যবসায়ী ইছার উদ্দিন জানান, দূরত্ব অনুযায়ী গাড়ি প্রতি মাটির দাম ৬০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত। মাটি কাটা অবৈধ। জমির মালিকদের নিকট থেকে মাটি কিনতে ও অনেক কষ্ট করে ব্যবসা করতে হয়। প্রশাসন ‘ডিস্টার্ব’ করে। গাড়ি আটকে ফেলে।
তবে বেশি দূরে হলে এ ধরনের ব্যবসায়ীরা মাটি সরবরাহ করেননা। প্রতি গাড়িতে ১৫০ ফুট মাটি ধরে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হক বলেন, ধানী জমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এসব কাজকে তারা কোন প্রশ্রয় দেননা। প্রতিবাদ করেন। আইনশৃঙ্খলা কমিটির সভায়ও এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো রুহুল আমিন জানান, এভাবে মাটি কাটায় একটি বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক করা হয়। জরিমানা করা হয়। তবে সব সময় সম্ভব হয়না। অন্যান্য কাজও করতে হয়। লোকবলেরও কিছু ঘাটতি আছে। তবু অভিযান চলবে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ফতেহপুর আলাপুর গ্রামের কতিপয় প্রভাবশালী প্রতিদিন সকাল থেকেই হাওর থেকে মাটি কাটা শুরু করেন। এই মাটি বিক্রি চলে গভীর রাত পর্যন্ত। গ্রামের রাস্তা দিয়ে হরদম মাটিভর্তি ট্রাক্টর চলাচলের কারণে স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে। বাড়িঘরেও মানুষ থাকতে পারছেননা। ধুলোয় নষ্ট হচ্ছে সব। স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়ার পরিবেশও নষ্ট হচ্ছে। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে এলাকার কেউ প্রতিবাদ কথা বলতে সাহস পাচ্ছেননা। মাটির ব্যবসা নিয়ন্ত্রণ করছেন স্থানীয় মাত্র কয়েকজন ব্যবসায়ী। তাদের একেকটি সিন্ডিকেটে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছেন।