`আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পেলো মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দি ওয়ার্ল্ড সোসাইটি

প্রকাশিত February 22, 2023
`আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পেলো মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দি ওয়ার্ল্ড সোসাইটি

মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দি ওয়ার্ল্ড সোসাইটি-এমএলএলডব্লুএস ২০২৩ সালের ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ লাভ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম পদক গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দি ওয়ার্ল্ড সোসাইটির ইউএস চ্যাপ্টার প্রেসিডেন্ট মার্শাল হোসাইন।
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার জন্য এই সংগঠন থেকেই সর্বপ্রথম ১৯৯৯ সালে ইউনেসকোতে প্রস্তাব দেওয়া হয়েছিল।
নিয়ম অনুযায়ী ইউনেসকোতে কোনো ব্যক্তি বা বিশেষ সংগঠন থেকে করা প্রস্তাব তাদের বার্ষিক সাধারণ সভায় আলোচনাভুক্ত করা হয় না। তাই নিজের দেশ হিসেবে বাংলাদেশ সহ অনেক দেশকে অনুরোধ করা হয়েছিলো প্রস্তাবটি ইউনেসকোতে উত্থাপনের জন্য। এর ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটিকে সর্বাপেক্ষা গুরুত্বের সঙ্গে নিলে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকোর ৩০তম বার্ষিক সাধারণ সভায় ১৮৮টি দেশের সম্মতিক্রমে প্রস্তাবটি পাশ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের রক্তে ভেজা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিনটিকে ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি ‘ইউনেসকো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
২০০১ সালে ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দি ওয়ার্ল্ড সোসাইটিকে ‘একুশে পদক’ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকটি প্রদান করেন।
এছাড়া ২০১৬ সালে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’র উত্থাপক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (প্রয়াত) ও তার সহযোগী অবদুস সালাম ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি