বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছে; কিন্তু বৈষম্য রয়ে গেছে। ব্যাংকে নতুন নতুন একাউন্ট তৈরি হয়েছে। আওয়ামী লীগের খাটের তলে-বাড়িতে বাড়িতে টাকা পাওয়া যায়।
তিনি আরও বলেছেন, দেশে নতুন দ্রারিদ্রের সংখ্যা প্রায় ৪ কোটিতে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যে মানুষ অতিষ্ঠ। দুবেলা পেট ভরে খেতে পারেনা। দেশের শতকরা ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে। মানুষ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এর প্রমাণ ব্রাক্ষণবাড়িয়ায় শতকরা ১৫ ভাগ ভোটও পড়েনি। আওয়ামী লীগ মুখে শুধু গণতন্ত্রের কথা, বাস্তবে তাদের কথার সঙ্গে কাজের কোন মিল নেই।
শনিবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও সরকারের দমন-নিপীড়নের প্রতিবাদে, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির পদযাত্রায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পদযাত্রাটি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী বলেন, জনগণ স্বোচ্চার হয়েছে, জনগণ জেগে উঠছে। দ্রব্যমূল্যের উধ্বগতিতে জনগণ হিমশিম খাচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১৪ বছরে সমাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। দুঃশাসনের অবসান হবে-ইনশাল্লাহ।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশবাসীকে যে জুলুম নির্যাতন করছে তা কোনভাবেই মেনে নেওয়া যায়না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
পদযাত্রা কর্মসূচিতে আরও অংশ নেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্মআহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিছবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, সৈয়দ মঈন উদ্দিন সুহেল ও সালেহ আহমদ খছরু। সংবাদ বিজ্ঞপ্তি