ক্যান্সার মানেই নির্ঘাৎ মৃত্যু নয় || লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে

প্রকাশিত February 18, 2023
ক্যান্সার মানেই নির্ঘাৎ মৃত্যু নয় || লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক : বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত ব্যক্ত করেছেন, ক্যান্সার মানেই নির্ঘাৎ মৃত্যু নয়। শারীরিক কিছু সমস্যা দেখা দিলেই সতর্ক হতে হবে। পরামর্শ নিতে হবে চিকিৎসকের। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সব ক্যান্সারই সারিয়ে তোলা সম্ভব হয়।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে আসে।
এ বছর `আসুন ক্যান্সার সেবায় বৈষম্য কমিয়ে আনি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার দিনটি পালিত হয়েছে।
পপুলার মেডিক্যাল সেন্টার ও হাসপাতাল সিলেটে চা শ্রমিকদের বিনামূল্যে ক্যান্সার স্কিনিং সেবা দেওয়ার মাধ্যমে দিনটি পালন করলো। এ উপলক্ষে শুক্রবার সকালে মালনীছড়া চা বাগানে চা শ্রমিকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাগীব-রাবেয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান রাগীব আলী।
পরে অবহেলিত চা শ্রমিকদের ক্যান্সার ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতায় করণীয় বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা মো ইসমাইল পাটোয়ারী। নবজাতক, শিশু ও কিশোররোগ বিশেষজ্ঞ ডা মো জিয়াউর রহমান চৌধুরীর সঞ্চালনায় মূল আলোচক ছিলেন, ওসমানী মেডিক্যাল কলেজের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা সরদার বনিউল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা মো শাহনেওয়াজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা আবেদ হোসেন, অধ্যাপক ডা সায়েক আজিজ চৌধুরী, সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন বিভাগীয় পরিচালক ডা হিমাংশু লাল রায়, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও মালনীছড়া টি এস্টেট ম্যানেজার মো আজম আলী ।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ডা নবেন্দু চৌধুরী, ডা মো আব্দুল হাফিজ (শাফী), ডা সৈয়দা ইশরার ইসলাম (লিথী) ও ডা ফাহমিনা আক্তার ফাহমি।
ডা সরদার বনিউল আহমেদ জানান, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সব ক্যান্সারই সারিয়ে তোলা সম্ভব। অর্থাৎ ক্যান্সার মানেই নির্ঘাৎ মৃত্যু নয়।
আলোচকরা খুসখুসে কাশি বা ভাঙ্গা কণ্ঠস্বর, সহজে সারে না এমন কোন ক্ষত, স্তন বা শরীরের কোথাও চাকা বা পিণ্ডের সৃষ্টি, ঢোক গিলতে অসুবিধা কিংবা হজমের গণ্ডগোল, অস্বাভাবিক রক্তক্ষরণ, মল-মূত্র ত্যাগে অভ্যাসের পরিবর্তন ও তিল বা আঁচিলের সুস্পষ্ট পরিবর্তন দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অহবান জানান।
তারা প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের জন্য ক্যান্সার স্ক্রিনিং করার ক্ষেত্রে সহযোগিতায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি