হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত February 16, 2023
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি : বকেয়া মজুরি পরিশোধ, বোনাস প্রদান ও বাগানের পতিত জমি ইজারা বাতিলসহ বিভিন্ন দাবিতে হবিগঞ্জের ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চা শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক ইশরাত জাহানের নিকট স্মারকলিপি দেন।
জেলা প্রশাসক তাদের অভিযোগ শুনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বালিশিরা ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ দাশসহ চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চা শ্রমিকরা জানান, তারা বেতন-বোনাস না পাওয়ায় অনাহারে-অর্ধাহার দিনযাপন করছেন। এ অবস্থা নিরসনের জন্যে তারা জেলা প্রশাসকের দ্বারস্থ হন।
জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, বাগানটি যাদেরকে ইজারা দেওয়া হয়েছে তাদের মালিকানা নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে কিছু অব্যবস্থাপনার কারণে শ্রমিকদের মজুরি তারা পরিশোধ করতে পারছেনা। এর প্রেক্ষাপটে আইনগত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।