অনেক বছর পর সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হলো সিলেটের জালালাবাদ পার্ক

প্রকাশিত February 14, 2023
অনেক বছর পর সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হলো সিলেটের জালালাবাদ পার্ক

ফাইজা রাফা : অনেক বছর পর সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হলো সিলেট মহানগরীর প্রবেশদ্বার খ্যাত ঐতিহাসিক ক্বিনব্রিজের উত্তরপ্রান্ত সংলগ্ন জালালাবাদ পার্ক। ঋতুরাজ বসন্ত বরণ উপলক্ষে নৃত্যশৈলীর প্রায় ৪ ঘণ্টার নৃত্যানুষ্ঠানে অংশ নেন সব বয়সের নৃত্যশিল্পীরা। অগণিত নারী-পুরুষ-শিশু দর্শকের উপস্থিতি ও প্রাণমন ভরে উপভোগ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ওপ্রকৃতির প্রতি ভালবাসার অনুপম প্রকাশ দেখা গেলো।
এই জালালাবাদ পার্ক একসময় সিলেট শহরের সাহিত্য-সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল; কিন্তু এক পর্যায়ে তা পরিণত হয় অপরাধী ও মাদকাসক্তদের অভয়ারণ্যে। তবে সংস্কৃতিকর্মীরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গাটি সাহিত্য-সংস্কৃতিচর্চার উপযোগী করে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষপর্যন্ত নৃত্যশৈলীর বর্ণিল বসন্ত বরণ আয়োজনের মধ্য দিয়ে দাবি পূরণ হলো।
অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর কর্ণধার নীলাঞ্জনা জুঁই। আলোচনা ও সনদপত্র বিতরণ পর্বে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জাসওয়াল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, কবি তুষার কর, সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম। এছাড়া সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।