এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : ‘আমারে খালি মারে। কপালো বারি মাইরা দেখোগো আব্বা ফুলাই লাইছে। আমার চউখো মারছে। চউখের চাইরদিক কালা অইগেছে। এখন দেখতেও কষ্ট অয়। তাড়াতাড়ি আমারে দেশে নেওয়ার ব্যবস্থা করোগো আব্বা। শাহ আলম ভাই, হৃদয় ভাই হেরা আমারে ইখানো পাঠাইছে। তারারে কও আমারে দেশে নেওয়ার ব্যবস্থা করতো।’
এই আকুতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের তেরাশুল গ্রামের আব্দুল মতিনের মেয়ে আজিবুলনেছার (৩২)। ভাল চাকরি আর মোটা অঙ্কের বেতনের প্রলোভনে পড়ে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে; কিন্তু ৭ মাসের মাথায় টাকার বদলে ভিডিওবার্তায় এই আর্তনাদ এসে পৌঁছেছে স্বজনদের কাছে। পথ চেয়ে আছেন কখন সশরীরে নিজে এসে পৌঁছবেন দেশে-নিজের ঘরে। এই পথ চাওয়ার শেষ কবে-কেউ জানেনা।
মেয়ের আকুতিতে বিচলিত আব্দুল মতিন সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন শাহ আলমদের সঙ্গে; কিন্তু ফল পাননি। তাই গত সোমবার হবিগঞ্জ আদালতে উপজেলার টেকেরঘাট গ্রামের শুকুর আলীর ছেলে শাহ আলম, কৈয়াউড়ি গ্রামের হোসন আলীর ছেলে হায়দার আলী ও করিম হোসেনের ছেলে সাইফুল ইসলাম হৃদয় সহ চার জন ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত থেকে হবিগঞ্জ পিবিআইকে অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ভাল চাকরি ও মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে আজিবুলনেছাকে ওমানে পাঠায় অভিযুক্তরা। এখন দাবি করছে, তাকে দেশে ফিরিয়ে আনতে আরও ২ লাখ টাকা তাদেরকে দিতে হবে। অসহায় পিতা ইতোমধ্যে দিয়েও দিয়েছেন এক লাখ টাকা; কিন্তু বাকি টাকা দিতে না পারায় হতভাগী মেয়ে ভিনদেশে অমানুষদের নির্যাতন-নিপীড়নে যন্ত্রণায় কাতরাচ্ছে।
আজিবুলনেছার বাবা আব্দুল মতিন মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন; কিন্তু এখন পর্যন্ত কোন ফল মেলেনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত শাহ আলম জানান, তারা চুক্তি মোতাবেক আজিবুলনেছাকে ওমানে পাঠিয়েছেন। এতদিন পর যে অভিযোগ করা হয়েছে তা ইচ্ছাকৃত।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে আজিবুলনেছার পরিবার যোগাযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কাগজপত্র প্রেরণ করা হবে।