নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্যে দরকার নারী জাগরণ : ড মুহাম্মদ মোশাররফ হোসেন

প্রকাশিত February 8, 2023
নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্যে দরকার নারী জাগরণ : ড মুহাম্মদ মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, নারীর পারিবারিক ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে নারী জাগরণ দরকার। আর নারী জাগরণে প্রয়োজন নারীশিক্ষার প্রসার ও নারীর অর্থনৈতিক সক্ষমতা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্যে শিক্ষার ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছেন। উৎসাহিত করছেন বিভিন্নভাবে। অনেক ধরনের সহায়তাও দিচ্ছেন।
বুধবার সকালে মহানগরীর বাগবাড়ি এলাকায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ‘নারীর অবৈতনিক গৃহস্থালী কর্মের সামাজিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় অঙ্গীকা ‘ এবং ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে করণীয়’ শীর্ষক দুই পর্বের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। এছাড়াও সরকারি কর্মকর্তা, চা শ্রমিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, উপকারভোগী, উদ্যোক্তা ও সুধীজন অংশ নেন।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জাতির পিতা সংবিধানে নারীর অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। সেই অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধুকন্যা। গত ১৪ বছরে নারীর পারিবারিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বেশ কিছু আইনও হয়েছে। এসব আইন কার্যকরে সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও এবং স্থানীয় সরকারকে কাজ করতে হবে।
তিনি বলেন, ধর্মীয় কিছু অপব্যাখ্যা ও সামাজিক রীতিনীতি নারীদেরকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে। সচেতনতা ছাড়া এই গণ্ডির বাইরে আসা সম্ভব নয়।
বিভাগীয় কমিশনার গ্রামীণ জীবনব্যবস্থায় পরিবর্তন আনার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, চা শ্রমিকদের সমস্যাবলী প্রধানমন্ত্রী জানেন। এসব সমস্যার সমাধানে কাজ চলছে। কাউকে পিছনে ফেলে নয়-সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে।
সেমিনারে আলোচনায় অংশ নেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রুবা জেবীন, সিলেট জেলা প্রেসক্লাবের সদ্যপ্রাক্তন সভাপতি আল আজাদ, সাংবাদিক আহমদ আলী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিটি কাউন্সিলর রেবেকা আক্তার, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা প্রমুখ।