সিসিক মেয়র পদে মনোনয়নের ব্যাপারে কোনো নির্দেশনা পায়নি মহানগর আ লীগ

প্রকাশিত February 7, 2023
সিসিক মেয়র পদে মনোনয়নের ব্যাপারে কোনো নির্দেশনা পায়নি মহানগর আ লীগ

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন-সিসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নের ব্যাপারে কোনো নির্দেশনা মহানগর আওয়ামী লীগ পায়নি।
এক বিবৃতিতে তারা জানান, সোমবার সিলেট সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিসিক মেয়র পদে নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র বরাত দিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা মহানগর আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে।
এ বিষয়ে দুই নেতা ‘সুস্পষ্টভাবে’ জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট থেকে এ সংক্রান্ত কোনো নির্দেশনা সিলেট মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তারা পাননি।
অতএব ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের শৃঙ্খলাসহ দলীয় ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয় এবং বিভ্রান্তি যাতে না ছড়ানো হয় সেজন্যে তারা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি