ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে : সিলেটে শান্তি সমাবেশে নানক

প্রকাশিত February 4, 2023
ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে : সিলেটে শান্তি সমাবেশে নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য সত্ত্বেও জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বিস্ময়। বিএনপি ক্ষমতার লোভে জামায়াতে ইসলামীকে নিয়ে বারবার উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে; কিন্তু দেশের মানুষ তাদের পাত্তা দেয়নি। দেশবাসী বরাবরই শেখ হাসিনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত ইসলামীর সন্ত্রাসীদের নিয়ে বিএনপির নৈরাজ্য আর অগ্নিসন্ত্রাসের কথা মানুষ ভুলেনি। তাই দেশের রাজনীতি থেকে এই দুটি দলকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনসমর্থন হারিয়ে বিএনপি নেতারা এখন আবোল তাবোল বকছেন।
তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও কর্ণফুলি ট্যানেলের মতো মেগা প্রকল্প শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন হয়েছে। এর সুফল পাচ্ছে দেশের সাধারণ মানুষ। আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত রাজনীতি করে ব্যক্তি বিশেষের ভাগ্য পরিবর্তনের। তাই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
শেখ হাসিনা ভয়াবহ করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সফল। সফল উন্নয়নেও। তাই তিনি এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা বলে জাহাঙ্গীর কবির নানক উল্লেখ করেন।
আওয়ামী লীগের সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর অপর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এছাড়াও জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা ও মহানগর শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি