হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘শিয়া’ আখ্যায়িত করার জের ধরে পুলিশ সুপার কার্যালয়ে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।
আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানা না মানা নিয়ে হবিগঞ্জে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ব্যাপারে শুক্রবার বিকেলে দুই পক্ষকে নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে ডিআইও ওয়ান একটি সভায় বসেন। একপক্ষের নেতৃত্বে ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন আততাহেরী এবং অপরপক্ষে নেতৃত্ব দেন মাওলানা কাওসার।
কথা ছিল প্রতি পক্ষে আট জন করে প্রতিনিধি থাকবেন; কিন্তু চলে আসেন অনেক বেশি লোকজন। এ অবস্থায় সভার এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে ‘শিয়া’ বলে আখ্যায়িত করলে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
শেষপর্যন্ত হাতাহাতি ছড়িয়ে পড়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তায়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।