সিকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীপন্থী পূর্ণ প্যানেলের জয় লাভ

প্রকাশিত January 25, 2023
সিকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীপন্থী পূর্ণ প্যানেলের জয় লাভ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৩ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ মনোনীত পূর্ণ প্যানেল জয় লাভ করেছে।
সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তনে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা। বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড স্নেহাংশু চন্দ্র শেখর।
আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল মনোনীত দুটি প্যানেলের অংশগ্রহণে ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ১৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড মো শাহ আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দল মনোনীত সভাপতি প্রার্থী মেডিসিন বিভাগের অধ্যাপক ড মো মুক্তার হোসেন পেয়েছেন ২৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ প্রার্থী প্রাণী পুষ্টি বিভাগের অধ্যাপক ড মো সাদ উদ্দিন মাহফুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের সাধারণ সম্পাদক প্রার্থী কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড মো রুহুল আমিন পেয়েছেন ৩৭ ভোট।
এছাড়াও গণতান্ত্রিক শিক্ষক পরিষদ প্রার্থীদের মধ্যে ১৩৫ ভোট পেয়ে সহসভাপতি পদে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড মাসুদ আলম, ১৪৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা মু আক্তারুজ্জামান, ১২৩ ভোট পেয়ে যুগ্মসম্পাদক পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহকারী অধ্যাপক কিশোর কুমার সরকার এবং নির্বাহী সদস্য পদে ১৪৩ ভোট পেয়ে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড পীযুষ কান্তি সরকার, ১৪১ ভোট পেয়ে মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড এম এম মাহবুব আলম, ১৩৯ ভোট পেয়ে মাৎস্যচাষ বিভাগের অধ্যাপক ড মো সাখায়াত হোসেন, ১২৬ ভোট পেয়ে এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড.সুমন পাল, ১২৪ ভোট পেয়ে প্ল্যান্ট ও এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড সোনিয়া বিনতে শহীদ এবং ১১৮ ভোট পেয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো খালিদ হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি অধ্যাপক ড মো শাহ আলমগীর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা সকলে মিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর ও আদর্শ ছাত্র-শিক্ষক বান্ধব ক্যাম্পাসে পরিণত করতে দৃঢ় চিত্তে এগিয়ে যাবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবো।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো সাদ উদ্দিন মাহফুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন হয় মূলতঃ শিক্ষক ও শিক্ষা কার্যক্রমকে সুন্দর ও গতিশীল করার জন্য। আমরা শিক্ষার কার্যক্রম ও গবেষণাকে আরও যুগোপযোগী করে তুলবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদেরকে সর্বাঙ্গীন প্রয়োজনে কাজ করে যাবো।’ সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি