বিশেষ প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা সদর পরিষ্কার করে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
‘ক্লিন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথ’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচি চলাকালে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অবিলম্বে বাসিয়ার উৎসমুখ খনন ও দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটির নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান।
বক্তারা বলেন, মানুষের লোভের কারণে বিশ্বনাথ বাজার এলাকায় বাসিয়া নদী দখল হয়ে যাচ্ছে। নদীর উপর তৈরি হয়েছে দোকানপাট। এই শতাধিক দোকানের ময়লা আর্বজনা ফেলে বাসিয়ার তলদেশ ভরাট করা হচ্ছে। এমন অপকর্মের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এবং শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম শাহর অর্থায়নে ও বিশ্বনাথ পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বাঁচা বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ ছামির মাহমুদ এবং শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম শাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, বিশ্বনাথকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্য। এ ব্যাপারে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ সকলকে আন্তরিক হতে হবে। বাসিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদীতীরের সকল অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে জেলা প্রশাসকসহ উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
কর্মসূচির উদ্বোধক পৌর মেয়র মুহিবুর রহমান বলেন, অবৈধ দখলদাররা যতই শক্তিশালী হোক, পর্যায়ক্রমে মাসুকগঞ্জ বাজারে বাসিয়ার উৎসমুখসহ নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাসিয়ার নাব্যতা ফিরিয়ে আনা হবে।
তিনি দখলদারদেরকে স্বেচ্ছায় দখল ছেড়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, যারা ছাড়বেন পৌরসভার উদ্যোগে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, নিজেদের সুন্দর পরিবেশে বাঁচার তাগিদেই বাসিয়া নদীর অবৈধ দখলদারদের বিতারিত করতে হবে। এ অঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদ রক্ষার জন্য বাসিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।
সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামসুল ইসলাম মোমিনের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার শিক্ষক হাসান বিন ফাহিম, আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মনোহর হোসেন মুন্না, সংগঠক নাজমুল ইসলাম মকবুল, নিজাম উদ্দিন, ওয়াসিম উদ্দিন ও বশির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক রাজা মিয়া।
‘ক্লীন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথ’ কর্মসূচিতে অংশগ্রহণ করে, বিশ্বনাথ সরকারি কলেজ, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিশ্বনাথ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বিশ্বনাথ কলেজিয়েট স্কুল, বিশ্বনাথ বাউল আব্দুল করিম পরিষদ, শাহ আমিন উল্লাহ মাদরাসা ও এতিম খানা, মাদরাসায়ে তাহফিজুল কোরআন, বাসিয়া নাট্যকল্যাণ সংস্থা, সিঙ্গেরকাছ মানবতার ঘর, বিশ্বনাথ নাটক ঘর, শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, হুব্বে রাসুল (সা.) ইসলামী যুব সংঘ।