উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : আবহমান বাংলার ঐতিহ্য পলো বাওয়া। কোথাও কোথাও বলা হয় পলো বাইচ। পলো মাছ ধরার বা শিকারের এক ধরনের ফাঁদ, যা বাঁশ দিয়ে তৈরি করা হয়।
এক সময় পলো দিয়ে মাছ শিকার বেশ জনপ্রিয় ছিল গ্রামীণ সমাজে। বিশেষ করে পৌষ-মাঘ মাসে পানি কমে যাওয়া বিল, নদী বা হাওরে দল বেঁধে রীতিমতো উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করা হতো; কিন্তু অনেক বিল, নদী ও হাওর ভরাট হয়ে যাওয়ায় শুকনো মৌসুমে পানিই থাকেনা বলে পলো বাওয়া খুব একটা চোখে পড়েনা।
তবে এখনও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কয়েকটি বিলে এই পলো বাওয়া উৎসব হয়।
গ্রামীণ ঐতিহ্যকে লালন করে এই যেমন বুধবার উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের বিলে পলো বাইচ হয়ে গেলো। শুরু হয় সকাল সাড়ে ১১টায়। এতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সের কয়েক হাজার মানুষ। দুই ঘণ্টার এই উৎসব শেষে সবাই কমবেশি শোল, গজার, বোয়াল ও কার্প জাতীয় মাছ নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেন।
নবীগঞ্জ পৌর এলাকার মাছ শিকারী সাহেল আহমেদ পিন্স জানালেন, আগে অনেক বড় করে পলো বাওয়া উৎসব হতো; কিন্তু এখন আর আগের মতো হয়না-মাছও পাওয়া যায় না। তবুও খবর পেলেই পলো হাতে উৎসবে ছুটে যান।
চরগাঁও গ্রামের মাছ শিকারী আলমগীর চৌধুরীর মতে, মাছ ধরাটা মুখ্য নয়। হাজারও মানুষের সঙ্গে মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিতে খুবই ভাল লাগে।
খনকারীপাড়া গ্রামের শাহ্ বুলবুল আলম চিশতী জানান, এলাকার নদী-নালা ও খাল-বিল শুকিয়ে যাচ্ছে। তাই আগের মতো মাছ পাওয়া যায়না। তবে মাছ না পাওয়া গেলেও ভাল লাগে। তাই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই গ্রামবাসীর পক্ষ থেকে পলো বাইচের আয়োজন করা হয়।
আরও কয়েক জনের সঙ্গে কথা হলো। সবাই পলো বাওয়া উৎসব টিকিয়ে রাখতে নদী, বিল ও অন্যন্য জলাশয় রক্ষাসহ মাছের প্রজনন বৃদ্ধির উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি রাখলেন।