সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার দেশের মানুষকে বিদ্যুৎ দেওয়ার নামে তামাশা করছে। মানুষ বিদ্যুৎ পাচ্ছেনা অথচ বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেছেন, কুইকরেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টেক্সের শত শত কোটি টাকা ভর্তুকি নিয়েছে। এই সকল বিদ্যুৎ কেন্দ্রে অকার্যকর মেশিন কিনে দেশের টাকা গচ্ছা দেওয়া হয়েছে। দেশে বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য জনগণের টেক্সের টাকায় আমদানিকৃত জ্বালানি ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহ করা হলেও সরকারের ছত্রছায়া তা পাচার হয়ে যাচ্ছে। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে দেশের জনগণ মাশুল দিচ্ছে। দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে এই দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়ে ফেলেছে। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপি যে ১০ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তা জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার বিকেলে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা ও সদর উপজেলা বিএনপি আয়োজিত পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এসব কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎ সংকট নেই বলে হুংকার দিচ্ছে। বলে, দেশে নাকি বিদ্যুতের সংকট নেই। অথচ এই শীতের সময়েও দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। মানুষ এই চাপ নিতে পারছেনা। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশ গভীর সংকটে। এই সংকট থেকে উত্তরণের জন্য এই সরকারের পদত্যাগের বিকল্প নেই।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অন্যতম নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইকবাল বাহার চৌধুরী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি