লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশেই আছে : ডা স্বপ্নীল

প্রকাশিত January 13, 2023
লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশেই আছে : ডা স্বপ্নীল

নিজস্ব প্রতিবেদক : জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল জানিয়েছেন, ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি ও সি সহ নানা রোগের কারণে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে আক্রান্তদের জন্য এখন বাংলাদেশেই স্টেমসেল থেরাপি, প্লাজমা এক্সচেঞ্জ, লিভার ডায়ালাইসিস, রেডিও ফ্রিকুয়েন্সি এব্লেশন ও ট্রানআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন সহ অত্যাধুনিক সব চিকিৎসা এখন দেশেই গ্রহণের সুযোগ রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেটে স্টেমসেল থেরাপি ও ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন শুরু হয়ে গেছে।
শুক্রবার রাতে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরী কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
মহানগরীর দরগা গেইট এলাকায় অভিজাত হোটেল গ্র্যান্ড নূরজাহানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং সভাপতি ডা নাসিম আহমেদ। উপস্থিত ছিলেন সহসভাপতি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, সহসভাপতি সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সহসভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেল প্রমুখ।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ফ্যাটি লিভারের কারণ, প্রতিকার ও চিকিৎসার নানাদিক তুলে ধরে জানান, ফ্যাটি লিভার হলে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। ফ্যাটি লিভারের কোন কোন রোগীর লিভারে দীর্ঘ মেয়াদী প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস থাকে যাকে ‘ন্যাশ’ বলা হয়। এটা থাকলে শুধু যে লিভার সিরোসিস আর লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাই নয়, এসব রোগীর হার্ট, ব্রেন, কিডনি ও ক্যান্সার সহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক বেশি থাকে। অন্যদিকে ফ্যাটি লিভারের রোগীরা সচেতন হলে অন্য রোগীদের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারেন।
তিনি ফ্যাটি লিভারের নতুন ওষুধগুলোর বিষয়ে ধারণা দেন। আরও জানান, খাদ্যাভ্যাস পরিবর্তন আর নিয়মিত হাঁটার মাধ্যমে ফ্যাটি লিভার নিরাময় করা সম্ভব হয়।