হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দু’টি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি পিকআপের চতুর্মুখী সংঘর্ষে ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুরে শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের মাইক্রোবাস চালক সাদির আলী (২৫) ও মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) এবং কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)।
এছাড়া গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুস সালামের স্ত্রী সাদিয়া বেগম (২৬) ও মেয়ে হাবিবা আক্তার (২)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঘন কুয়াশা পড়েছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দিন জানান, স্বজনদের নিকট মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। আহত অন্যদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।