সুনামগঞ্জে পতিত জমিতে রবিশস্যের চোখ ধাঁধানো ফলন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত January 6, 2023
সুনামগঞ্জে পতিত জমিতে রবিশস্যের চোখ ধাঁধানো ফলন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট ও লালপুরের মধ্যবর্তী করচার হাওরে একশ বিঘা অনাবাদী পতিত জমিতে রবিশস্যের চোখ ধাঁধানো ফলন নতুন সম্ভাবনা জাগিয়ে তুলেছে। আশাবাদী করে তুলেছে কৃষক আর কৃষি সংশ্লিষ্ট অন্য সবাইকে। খবর পেয়ে জেলা প্রশাসক এলাকা পরিদর্শন করেছেন।
এতদিন ধরে আবাদযোগ্য এই বিপুল আয়তনের জমি পতিত পড়েছিল। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় স্থানীয় কৃষি উদ্যোক্তা মো নূরুল হক, মো আব্দুল কদ্দুছ, নজরুল ইসলাম,আবুল বরকত ও খালেদ মিয়ার নেতৃত্বে এতে গম, ভূট্টা, সরিষা ও মিষ্টি আলু চাষ করা হয়।
অবিশ্বাস্য ফলনের খবর জেনে শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এই বিশাল রবিশস্য মাঠ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিজন কুমার সিংহ, কৃষি বিভাগের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা কৃষি কর্মকর্তা মো নয়ন মিয়া, উপসহাকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো নূরুল আমীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো সুহেল মাহমুদ, আলীরাজা, সৈয়দ ইমরান হোসেন, জাহিদুল ইসলাম, সারোয়ার জাহান, সনি তালুকদার ও গৌরারং ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য জাহামানা বেগম।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আহ্বানে এই কৃষি উদ্যোক্তারা এগিয়ে আসেন পতিত জমিতে রবিশস্য উৎপাদনে। এতে প্রথম বারেই সাফল্য ধরা দিয়েছে।
এখন রবিশস্যের এই ফসলভরা মাঠ দেখতে প্রতিদিন বিভিন্নস্থান থেকে লোকজন ছুটে আসছেন। আগ্রহ প্রকাশ করছেন নিজেরাও উৎপাদনের। খুঁজতে শুরু করেছেন, হাওরের কোথায় আবাদযোগ্য পতিত জমি আছে। এভাবে করচার হাওর নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলো।