উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফয়েজ আহমদ নামের এক যুবক ব্যবসায়ী নিখোঁজের ৩ মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। ছেলের অপেক্ষায় পথ চেয়ে থাকা মা এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন৷
উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ফয়েজ আহমদ (২৩) ও তার বন্ধু একই এলাকার বাদে রায়ঘর গ্রামের আতা মিয়ার ছেলে, জাকির হোসেন গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মার্কুলি বাজারে জাকির হোসেনের বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বের হন; কিন্তু ফয়েজ আহমদ আর ফিরেনি। জাকির হোসেনও গা ঢাকা দিয়েছে। ফোন করলে মাঝেমধ্যে ধরে নানা অজুহাত দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এদিকে ফয়েজ আহমদের মা খাদেজা বেগম তার ছেলে উদ্ধারের জন্য গত ২৪ অক্টোবর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৫ আদালতে জাকির হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ সহ আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে নিয়ে নবীগঞ্জ থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ৷
মামলার আসামিরা হলো, জাকির হোসেন (২৮), পিতা আতাউর রহমান, বাদে রায়ঘর, নবীগঞ্জ, হবিগঞ্জ, সামছুল হক (৪২), পিতা মৃত মজর উল্লা, নোয়াগাঁও, বানিয়াচং, হবিগঞ্জ, নিকেশ বৈষ্ণব, পিতা জগিন্দ্র বৈষ্ণব, কবিরপুর, বানিয়াচং, হবিগঞ্জ ও নিখোঁজ ফয়েজ আহমদের মুক্তিপণ দাবি করে ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের সাইদুর রহমানের ছেলে মো সুমন রানা (৩৫) সহ আরও ৩/৪ জন৷ ৷
এদিকে দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৮ নভেম্বর মামলার ২ নম্বর আসামি সামছুল হক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, বাহুবলে স্বেচ্ছায় হাজিরা দিলে বিচারক আব্দুল হালিম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সামছুল হক পরবর্তী সময়ে আদালত হতে অস্থায়ী জামিনে মুক্তি পায়৷
ফয়েজ আহমদের মা খাদেজা বেগম অভিযোগ করেছেন, তার ছেলেকে অপহরণ বা গুম অথবা হত্যা করা হয়েছে।
ফয়েজ আহমদের বড় ভাই কয়েছ আলী ইমন সহ তার আত্মীয়রা বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় মার্কুলি থেকে ফয়েজ আহমদের এক জোড়া জুতা ও মোটর সাইকেল উদ্ধার করেন ৷