নিজস্ব প্রতিবেদক : ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সকলেই এ দেশের নাগরিক। সবাই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করছে।
তিনি আরও বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনাই বাঙালি মূল পরিচয়। বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে; কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী চক্র দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে মেতে উঠে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই চক্রান্তের জাল ছিন্ন করে বাংলাদেশ আবার মূলধারায় ফিরে এসেছে। অপ্রতিরোধ্য উন্নয়নেও হয়ে উঠেছে ‘রোল মডেল।’ এই ধারা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে। ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে ৪৬৪টি মডেল মসজিদ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান এবং মাদরাসা শিক্ষার উন্নয়নেও সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।
তিনি সবাইকে সতর্ক করে দেন, সকল ধর্মেই কিছু দুষ্টচক্র রয়েছে, যারা সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ খুঁজে। তাই সকলকে সর্তক থাকতে হবে।
বুধবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি নিশুতোষ বড়ুয়া প্রমুখ।
স্বাগত বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল শাহিন বলেন, বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ দেশ দিয়েছেন আর বঙ্গবন্ধুকন্যা ঘোষণা দিয়েছেন ’ধর্ম যার যার উৎসব সবার’। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টে স্বাধীনতা বিরোধিরা বারবার অপচেষ্টা চালায়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, আমাদের সংবিধানে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষিত আছে। একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই আমরা সম্প্রীতির সমাজে বসবাস করতে পারবো। আমাদেরকে সম্প্রীতিবিরোধী চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে।