মসজিদের মাইক ফেসবুক ও ইউটিউব ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন

প্রকাশিত December 27, 2022
মসজিদের মাইক ফেসবুক ও ইউটিউব ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন

এ এস কাঁকন, মৌলভীবাজার : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো ফরিদুল হক খান এমপি বলেছেন, মসজিদের মাইক ব্যবহারে কিছু নির্দেশনা রয়েছে। স্থানীয় লোকজন অতি উৎসাহী হয়ে অনেক সময় মসজিদের মাইক ভুল কাজে ব্যবহার করে ফেলে। এ ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে গুজব ছড়িয়ে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহতায়ালা বাঁচিয়েছেন। একুশবার তার উপর হামলা হলেও আল্লাহ তাকে রক্ষা করেছেন দেশের বৃহত্তর স্বার্থে এবং দেশে পরিচালনার জন্যে। তাইতো স্বাধীনতার ৩৬ বছরেও যে উন্নয়ন হয়নি তা গত ১৪ বছরে সম্ভব হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আব্দুল্লা আল শাহীন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সংলাপে অংশ নেন মুসলিম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।