উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : আগামী বছরের জুন মাসের মধ্যে সিলেট-ঢাকা রেলপথে বিরতিহীন ট্রেন চালু হচ্ছে।
রেল মন্ত্রী মো নূরুল ইসলাম সুজন ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারাম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী এই নিশ্চয়তা দিয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪ তম বৈঠকে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও এই স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ আবারও ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা রেলপথে দ্রুত গতির বিরতিহীন ট্রেন চালু করার প্রস্তাব করলে রেল মন্ত্রী ও স্থায়ী কমিটির চেয়ারাম্যান প্রস্তাবটি আমলে নেন।
বৈঠকে জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে সিলেট-ঢাকা ডুয়েল গেজ রেলপথের কাজ দ্রুত শুরু করা, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও টিকেট বাড়ানোর উপর গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি গুরুত্ব আরোপ করেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, মো শফিকুল আজম খান এমপি, মো সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী এমপি ও বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি সহ রেলওয়ে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।