হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন সততা ও সাহসের মূর্ত প্রতীক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ

প্রকাশিত December 17, 2022
হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন সততা ও সাহসের মূর্ত প্রতীক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন সততা ও সাহসের মূর্ত প্রতীক এবং নিখাদ দেশপ্রেমিক। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য কূটনীতিবিদের পাশাপাশি এক আদর্শ ও আধুনিক মতবাদের অনুসারী এবং প্রবক্তাও ছিলেন।
প্রয়াত স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।
শনিবার বিকেলে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটে জালালাবাদ গ্যাস ভবন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি বলেন, জাতীয় রাজনীতি, কূটনীতি এবং দেশের উন্নয়নে হুমায়ুন রশীদ চৌধুরীর অবদান ও স্মৃতি চিরভাস্বর হয়ে থাকবে।
হুমায়ুন রশীদ চৌধুরীর কর্মময় জীবনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ও তার আদর্শকে ধারণ করতে তিনি আহ্বান জানান।
স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মো নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো এহছানে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী।
আয়োজক সংগঠনের অন্যতম নেতা শামসুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেবা রশীদ চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, হুমায়ুন রশীদ চৌধুরীর পৌত্র মাহসুন নোমান রশীদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ প্রমুখ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি