নিজস্ব প্রতিবেদক : আজ বাঙালির বিজয় উৎসব। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দিনে পুরো দেশ তাই বিজয় আনন্দে ভাসছে।
এ জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রিয় জন্মভূমির পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করতে তৎকালীন সাড়ে ৭ কোটি মানুষ মরণপণ লড়াইয়ে নামে। পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে আনে স্বাধীনতার লালসূর্য। মুক্ত আকাশে উড়ায় লালসবুজের পতাকা। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। প্রমাণিত হয়, বাংলাদেশ ‘জ্বলেপুড়ে মরে ছারখার-তবু মাথা নোয়াবার নয়।’ ত্রিশলাখ নর-নারী-শিশু জীবন দিয়ে এ সত্য প্রমাণ করেন।
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন ধারা অনুসরণ করে মাথা তুলে দাঁড়াতে চাইছে পিছনে পড়ে থাকা দেশগুলো। বঙ্গবন্ধুর হাত ধরে যাত্রা শুরু আর বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজকের অবস্থান। মাঝখানে প্রায় তিন দশক অন্ধকার নামলেও তা কাটিয়ে অপ্রতিরোধ্য গতিতে দেশ এখন ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ দেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পথে ধাবমান। এবারের বিজয় দিবস এই পথচলাকে আরও গতিশীল করার অঙ্গীকারে উদযাপিত হবে। এ উপলক্ষে সিলেট সহ সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। এছাড়া সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিনব্যাপী কর্মসূচি রয়েছে।