হালনাগাদ টিআইএন সার্টিফিকেট দেয়ালে টাঙিয়ে না রাখলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

প্রকাশিত December 14, 2022
হালনাগাদ টিআইএন সার্টিফিকেট দেয়ালে টাঙিয়ে না রাখলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারি নিয়ম অনুযায়ী বিআইএন সার্টিফিকেটের মতো হালনাগাদ টিআইএন সার্টিফিকেটও ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে টাঙিয়ে রাখতে হবে। অন্যথায় ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সিলেটের ব্যবসায়ীদের কর বিষয়ক সমস্যাবলী নিয়ে কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার সঙ্গে আয়োজিত চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ।
সিলেট চেম্বার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার বলেন, সিলেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ধারণা বেশ ভালো। এখানকার ব্যবসায়ীরা ট্যাক্স প্রদানে আগ্রহী। এর প্রমাণ তারা অতীতেও রেখেছেন। এমনকি করোনা মহামারিকালেও সিলেটের ব্যবসায়ীদের কর প্রদানের ধারা স্বাভাবিক ছিল।
ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত প্রদানের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন; কিন্তু একসঙ্গে যখন বেশি ফাইল জমা পড়ে তখন ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানে কিছুটা বিলম্ব হয়। তাদের সিস্টেমে কিছু প্রযুক্তিগত সমস্যাও রয়েছে। তবে অচিরেই এর সমাধান হয়ে যাবে।
উন্নত বিশ্বের মতো করদাতাদের অবসরকালীন ভাতা প্রদানের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ এখনও ঐ জায়গায় যেতে পারেনি। তবে একদিন পৌঁছবে। সরকারের নীতিমালা অনুযায়ী তাদেরকে কাজ করতে হয়। তবে ছোট ছোট সমস্যা নিজেদের মধ্যে নিয়মিত বৈঠকের মাধ্যমে সমাধান করা যেতে পারে।
কর কমিশনার আগামীতে সিলেট চেম্বার ও কর বিভাগের মধ্যে নিয়মিত সভা আয়োজনের প্রস্তাব করেন। এছাড়াও কর প্রদানে বিরাজমান সমস্যাবলী সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডকে লিখিতভাবে জানানোর অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, ব্যবসায়ীরা কর ও রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন। তাই ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা দেখা সরকারের দায়িত্ব ও কর্তব্য।
তিনি কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে নিয়মিত করদাতাদের উপর করের বোঝা না চাপিয়ে করদাতার সংখ্যা বৃদ্ধির দাবি জানান।
চেম্বার সভাপতি কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের ফাইল ঢাকায় প্রেরণ না করে সিলেটেই এর সুরাহা করার এবং কোম্পানির ট্যাক্স হিস্ট্রি দেখে অডিটে দেওয়ার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, যেহেতু তারা গাড়ি ক্রয়ের সময় এর ট্যাক্স প্রদান করেন সেহেতু একই গাড়ি ট্যাক্স ফাইলে পুণরায় দেখানো যুক্তিসঙ্গত নয়।
তিনি এই বিধান রহিত করার দাবি জানান। এছাড়াও ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুততার সঙ্গে প্রদান, রিটার্ন জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে তা এনবিআরের ওয়েবসাইটে আপলোড করা ও কর প্রদানে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণে নিয়মিত সেমিনার আয়োজনের প্রস্তাব করেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান। আয়কর বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
তিনি জানান, নতুন সরকারি নিয়ম অনুযায়ী বিআইএন সার্টিফিকেটের মতো হালনাগাদ টিআইএন সার্টিফিকেটও ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে অন্যথায় ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে।
তিনি এ ব্যাপারে চেম্বারের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপ কর কমিশনার আওরঙ্গজেব খান, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, খন্দকার ইসরার আহমদ রকী, সদস্য মো জহির হোসেন, তফাজ্জুল হোসেন এফসিএ, কর পরিদর্শক সাইদুল হাসান মজুমদার, মো শরাফত হোসেন, মো আজিজ আহমদ প্রমুখ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি